গাইবান্ধা জেলা প্রতিনিধি,

বায়ে বাবা রেজাউল করিম ছানা (৫৫) ও ডানে ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)।
গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন মিয়া (১৯) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাবা-ছেলে রেজাউল করিম ছানা (৫৫) ও নাসিরুল আহসান আকিব (৩৫)।

বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। আকিব তার ছেলে।

নিহত ফাহমিদ রুমন মিয়া গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনিও পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে রুমনদের পরিবারের সঙ্গে রেজাউল করিম ছানার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল করিম ছানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালান। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে রুমনকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্বজনেরা আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মামলা হলে দুই আসামি আত্মগোপনে চলে যান। পরে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুরের শ্রীপুর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।