মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর পলাশবাড়ীতে সংঘটিত হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, গত সোমবার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দমিয়ে রাখতে একটি মহল ধারাবাহিকভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও রাজনৈতিক সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ এবং এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ। বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ জেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী স্লোগান দেন।