কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামে ১০০ গ্রাম গাঁজাসহ মো. মুখলেছ (৩০), পিতা: আব্দুর রহিমকে আটক করে এলাকাবাসী। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উম্মে মুসলিমা ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, আটক মুখলেছের স্ত্রী ও দুই কন্যা সন্তান সেখানে উপস্থিত রয়েছে। শিশু দুটির একজনের বয়স ৬ বছর এবং অপরজনের বয়স ৯ বছর। এ সময় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মুখলেছের মাদকাসক্তি থেকে স্থায়ীভাবে মুক্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মো. মুখলেছকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারাভোগ শেষে তাকে মাদকাসক্তি নিরাময়ের জন্য একটি পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করতে পরিবারের সদস্যদের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও উপজেলা প্রশাসন গুরুত্ব দিচ্ছে।