চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামে গুলিতে এক মাদকসেবী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু পরিচয় দেওয়া এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদক সেবনের সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজাদ (২৫) নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা। আটক ইসহাক আলম, যার বয়সও প্রায় একই এবং তার বাসাও একই এলাকায় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন।

উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন জানান, বিকেল পৌনে ৪টার দিকে ইসহাক আলম আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেন, গুলিবিদ্ধ হয়ে আজাদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়িতে ইসহাক দাবি করেন, ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি গুলি করে আজাদকে হত্যা করে।

তবে ইসহাকের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

 

পরে তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, ফরেস্ট গেটের ভেতরে একটি ছোট কক্ষেই ঘটনাটি ঘটেছে। কক্ষটি আজাদ বা ইসহাক- কারও বাসা নয়; দুজনেরই বাড়ি হামজারবাগ এলাকায়।

পুলিশের ধারণা, কক্ষটি মাদক সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো।

আটক ইসহাকের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, ঘটনার সময় ওই কক্ষে আজাদ, ইসহাক এবং আরও এক যুবক ছিলেন। একপর্যায়ে ওই অজ্ঞাত যুবক আজাদকে গুলি করে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, তারা সেখানে মাদক সেবন করছিলেন। ওই সময় অজ্ঞাত যুবক গুলি করে আজাদকে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে’