মোঃ রমজান আলী,
ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ফরিদপুর গ্রামে একটি মুখপোড়া হনুমান স্থানীয়রা আটক করেছেন। বিষয়টি জানানো হলে প্রাণীটি উদ্ধারে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে বন্য প্রাণীটিকে নিরাপদে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে হনুমানটি গ্রামের বিভিন্ন গাছপালা ও ঘরবাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। শনিবার হঠাৎ করে প্রাণীটিকে দেখতে পেয়ে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। এতে হনুমানটি আতঙ্কিত হয়ে পড়লে তার নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয়রা কৌশলে ধরে নিরাপদে রাখেন।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত হনুমানটির যেন কোনো ক্ষতি বা নির্যাতন না হয়, সে জন্য এলাকাবাসীকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ কোনো বনে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।