ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে এর আগে ৭ বার মুখোমুখি হলেও ৫ বারই জিতে আলবিসেলেস্তেরা, ২টি ম্যাচ হয় ড্র। বিশ্বকাপের একবারের দেখায়ও জয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরই। এমন ইতিহাস নিয়ে খেলতে নেমে ইউরোপিয়ান প্রতিপক্ষদের বিপক্ষে ম্যাচের শুরতেই লিড পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে করা সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করেছে আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে সুইসদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এরই ধারাবাহিকতায় শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন ম্যাক আলিস্টার। মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান এই লিভারপুল মিডফিল্ডার।

এদিকে শুরতেই গোল হজম করে পিছিয়ে পড়া সুইসরা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে লড়াই করেছে। তবে আর্জেন্টাইন মিডফিল্ড এবং রক্ষণভাগ সুইজারল্যান্ডের আক্রমণ সফল হতে দেয়নি।

ফলে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের খুব বেশি পরীক্ষা নিতে পারেনি সুইসরা। বল দখলে বেশ এগিয়ে থাকলেও প্রথম ৪৫ মিনিটে গোলের লক্ষ্যে কেবল ১টিই শট নিতে পেরেছে সুইসরা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সেসব কাজে লাগাতে পারেনি ইউরোপিয়ান দলটি।