মাদারীপুর জেলা প্রতিনিধি,
বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গাড়িবহরটি সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে একটি বস্তু ছুটে এসে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে আঘাত করে। তবে সেটি ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দূর থেকে গাড়িবহরের দিকে একটি পাথর বা শক্ত বস্তু ছুড়ে মারা হয়। ঘটনার পর এক যুবককে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা গেছে বলেও দাবি করেন তারা। ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাড়িবহরটি সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের পাশে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর কিছুক্ষণ পর নিরাপত্তা বহরের তৃতীয় নম্বর জিপের সামনে একটি পাথর বা শক্ত বস্তু এসে পড়ে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘কোনো গাড়ির চাকা থেকে পাথরের টুকরা ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।’
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘ওটি ইট নাকি পাথরের টুকরা, তা যাচাই করা হচ্ছে। কীভাবে সেটি গাড়িতে এসে পড়ল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’