শরীয়তপুর প্রতিনিধি
আদালতে মামলার দীর্ঘসূত্রতা কমানো, বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে এ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান খান।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, আদালতে মামলা দায়েরের আগেই পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে একদিকে যেমন মামলার চাপ কমবে, অন্যদিকে বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন। একই সঙ্গে সময় ও অর্থের অপচয়ও কমবে। তিনি বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম সফল করতে বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান। তিনি বলেন, মামলার বিকল্প বিরোধ নিষ্পত্তির এই ব্যবস্থা বিচারপ্রার্থীদের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে অনেক বিরোধ আদালতে মামলা হিসেবে যাওয়ার আগেই সমাধান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সদস্য, আদালতের বিচারিক কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাধ্যতামূলক প্রি-কেস মেডিয়েশন কার্যক্রমের মাধ্যমে আদালতে নতুন মামলার সংখ্যা কমবে, মামলার জট নিরসনে ইতিবাচক অগ্রগতি আসবে এবং বিচারপ্রার্থীরা তুলনামূলক কম সময়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন।