নিজস্ব প্রতিবেদক

দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বলেন, চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমের সুফল আগামী দুই বছরের মধ্যেই দৃশ্যমান হবে।

জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আব্দুস সালাম হলে আয়োজিত ‘আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জিয়া সামাজিক সংগঠন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি বলেন, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিম মিন্টু। সঞ্চালনা করেন ড. মোহাম্মদ তোফায়েল উদ্দিন। বক্তারা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।