যশোর সংবাদদাতা

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ দিয়ে ভেসে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদের পানিতে ভেসে যাওয়ার সময় নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, শুক্রবার সকালে ভৈরব নদে জোয়ার ছিল। সকাল ১০টার দিকে উপজেলার মধ্যপুর এলাকায় ভৈরব নদ দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে যাচ্ছিল। তার পরনে একটি জিন্সের প্যান্ট এবং গায়ে কিছুটা হলুদ রংয়ের গেঞ্জি ছিল। এলাকাবাসী মরদেহটি ভেসে যেতে দেখে নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর নৌ-পুলিশ লাশটির খোঁজে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব সেতুর পাশে ভৈরব নদে মরদেহটি পাওয়া যায়। সেখান থেকে বিকেল ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নৌ-পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন আগে হওয়ায় গলে গেছে। তার পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে কিছুটা হলুদ রংয়ের গেঞ্জি রয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিত সেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশটির নাম ও পরিচয় জানা যায়নি। তার নাম ও পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।