উখিয়া প্রতিনিধি: আবেগ, ভালোবাসা, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গী করে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রাজু আরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুবজ শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রভাষক মিদুল শর্মা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আফাজ উদ্দিন এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাছরিন জাহান সুইটি।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, “আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। তোমরা ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, সর্বদা সত্য, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্ব পালন করবে। দেশ, সমাজ ও পরিবারের প্রতি দায়িত্বশীল থেকে মানুষের কল্যাণে কাজ করবে। তোমাদের সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান রাজু আরা বেগম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবন শেষ হলেও শিক্ষা অর্জনের পথ কখনো শেষ হয় না। অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানান। পরে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, ক্রেস্ট প্রদান এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বিদায়ের আবেগে আপ্লুত শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজ জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো আজীবন হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।