মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।

আদালতের নথি ও মামলা সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী সোহান মিয়া করোনা মহামারির সময়ে পরিবারের আর্থিক সহায়তার জন্য কেনা একটি ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে বাবাকে সহযোগিতা করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে প্রতিদিনের মতো হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে স্থানীয় খাসেরচর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ওই সময় সোহানের ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় ঘাতকেরা।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আদালতে উপস্থাপিত যাবতীয় প্রমাণাদি পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় দেন।