ফারদিন আহমেদ ​গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তাবিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নয়াবাড়ী মৌজায় স্থাপনের দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ ও দাবি জানানোর কর্মসূচির আয়োজন করা হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সমতল জায়গার বিবেচনায় নয়াবাড়ী মৌজাই প্রস্তাবিত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। নয়াবাড়ীতে উপজেলা সদর দপ্তর স্থাপিত হলে এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক সেবা পাওয়া সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
​সমাবেশে বক্তব্য দেন এ কে এম আনসার উদ্দিন, শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাধারণ সম্পাদক গফরগাঁও উপজেলা বিএনপি , নাসির উদ্দিন আহ্বায়ক, পাগলা থানা জাসাস, ফেরদৌস আলমসহ এলাকার অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
​বক্তব্যে আবসার উদ্দিন বলেন, “নয়াবাড়ী মৌজা ভৌগোলিক দিক থেকে দক্ষিণ গফরগাঁওয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে সরকারি দাপ্তরিক কাজ শুরু হলে সাধারণ মানুষ খুব সহজেই সেবা পাবে।” শেখ মোহাম্মদ ইসহাক বলেন, “এটি কোনো ব্যক্তি বিশেষের দাবি নয়, এটি পুরো দক্ষিণ গফরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
​এছাড়া নাসির উদ্দিন ও ফেরদৌস আলম তাঁদের বক্তব্যে অনতিবিলম্বে নয়াবাড়ী মৌজাকে উপজেলা সদর হিসেবে চূড়ান্ত ঘোষণা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।