ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে আক্কাচ মাতুব্বর নামে এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) দুপুরের দিকে ১২ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরে খাটের ওপর খালি গায়ে বসে আছেন আক্কাচ মাতুব্বর। এ সময় সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করছেন তিনি। তার সামনে বসে থাকা অজ্ঞাত এক ব্যক্তির পা দেখা যায়। এছাড়া তার ছেলে রাসেল মাতুব্বরের বিরুদ্ধে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মো. আক্কাচ মাতুব্বর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য এবং গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

তবে ভিডিওটি পুরোনো বলে দাবি করে আক্কাচ মাতুব্বর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় আমাকে হয়রানি করা হয়েছিল। ওইদিন কয়েকজন ব্যক্তি আমাকে আটকে রেখে ইয়াবা হাতে দিয়ে সেবন করতে বাধ্য করে এবং তা ভিডিও করে রেখেছিল। তবে কারা তাকে আটকে রেখে হয়রানি করেছিল তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই ইউপি সদস্য নিয়মিত মাদক সেবন করেন। তার ছোট ছেলে রাসেল মাতুব্বর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তিনি জনপ্রতিনিধি হয়ে যদি ইয়াবার মতো ভয়াবহ মাদককাণ্ডে জড়িয়ে পড়ে তাহলে আমাদের সমাজকে কারা রক্ষা করবে? প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমি ভিডিওটি দেখিনি। এ ছাড়া এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি দেখেছি। ইতোমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ঊধ্বর্তন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।