নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি সোমবার থেকেই আমদানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এর ফলে আগামী ২ থেকে ৫ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

রোববার (২ আগস্ট) নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এতে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজার সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারের প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। পরে তারা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

সরকারের এ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে, বাজারে মূল্য স্থিতিশীল হবে এবং সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।