হালুয়াঘাট প্রতিনিধি:
টানা বৃষ্টি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে উপজেলার হালুয়াঘাট বিদ্যালয়ের, শ্রেণিকক্ষের সামনের অংশ এবং প্রবেশপথ পানিতে তলিয়ে গেছে। এতে বিদ্যালয়ে আসা-যাওয়া, পাঠদান এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মাঠের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে রয়েছে। পানির কারণে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না এবং বিদ্যালয়ের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
শিক্ষার্থীরা জানায়, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ে পানি জমে যায়। এতে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে সমস্যা হয়। অনেক সময় ভেজা কাপড় ও জুতা নিয়ে ক্লাস করতে হয়, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের আশপাশে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় বৃষ্টির পানি বের হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো বিদ্যালয় প্রাঙ্গণ জলাবদ্ধতায় পড়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের জলাবদ্ধতা দ্রুত দূর করে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।