উখিয়া প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহে পালন করেছে উখিয়া উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সওয়ার জাহান চৌধুরী, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) এবং উখিয়া থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন এক সম্ভাবনা ও নতুন স্বাধীনতার চেতনায় এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে। এ সময় দেশের শিক্ষক সমাজ, বিশেষ করে কলেজের শিক্ষকরা যে সাহস, দায়িত্ববোধ ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলনের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন দেশপ্রেম, মানবিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তি, সাহস ও দায়িত্ববোধের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।