তানিয়া ইসলাম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাশিন ইউনিয়নের ধলেশ্বরী নদীতে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর ওপর নির্মিত সেতুর নিচ ও আশপাশের এলাকা থেকেও বালু উত্তোলন করায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে চরাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই সেতুটি ঝুঁকির মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে সাধারণ মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সেতুর ভিত্তি দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, সেতু ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।