নাটোরপ্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘১৭ বছর যিনি অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছেন, যখন দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার কারণে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। দুই বছর তিনি ভারতে পালিয়ে আছেন। এখন আবার তিনি ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করেছেন। তিনি যতই ষড়যন্ত্র-চক্রান্ত করুন, কোনো লাভ হবে না।’
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৪ তলাভিত্তি বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে দেশছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। আমরা বলতে চাই, ওইখানে বসে ষড়যন্ত্র-চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনো দিন হবে না। আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা ভারতের কাছে অনুরোধ জানাতে চাই, এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয়-প্রশ্রয় না দিয়ে আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল রাখার জন্য হলেও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত দেবেন। আর এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ দলীয় নেতা-কর্মীরা।