নিজস্ব প্রতিবেদক :

বারিধারায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বৃহস্পতিবার ভোরে কূটনৈতিক এলাকায় অবস্থিত ওই বাসভবনে আগুনের ঘটনা ঘটে। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন পাকিস্তানের হাইকমিশনার ও তার স্ত্রী। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না। তবে পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এবং একটি টেলিভিশনে আগুন জ্বলছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পর বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া অপসারণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা জানান, হাইকমিশনারের বারিধারার বাসভবনের দুটি কক্ষে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া হাইকমিশনার ও তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তারা শঙ্কামুক্ত।