ক্রীড়া ডেস্ক :

বার্সেলোনার উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য লোনে দলে ভেড়ানোর চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুল। পারফরম্যান্স সন্তোষজনক হলে আরাউহোকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর অপশনও রেখেছে ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যে তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত চার মৌসুমের তিনটিতেই বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে সহায়তা করেছেন। এমনকি গত মৌসুমের শেষ পর্যন্ত তিনি ক্লাবটির অধিনায়কের দায়িত্বও সামলেছেন। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত থাকলেও গত মৌসুমে লিগে মাত্র ১১টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

এই সময়ে জেরার্ড মার্টিন ও পাও কুবারসি বার্সেলোনার পছন্দের সেন্ট্রাল ডিফেন্সিভ জুটি হিসেবে জায়গা করে নেয়। ২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন আরাউহো।

ইব্রাহিমা কোনাতে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নিজেদের রক্ষণে নতুন শক্তির খোঁজে ছিল লিভারপুল। এবার সেই শূন্যতা পূরণ করতেই আরাউহোর দিকে ঝুঁকলো প্রিমিয়ার লিগের ক্লাবটি