মোঃ আব্দুল রহমান
উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে একটি পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কভার্ডভ্যান থামিয়ে টাকা ছিনতাইয়ের সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রি করা টাকা জমা দিতে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। এরপর পিস্তলের মুখ ও চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত করে টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় তারা। গুরুতর আহত কর্মচারীকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ডিএল পেট্রলপাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রবিবার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। পুলিশ ধারণা করছে, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা। পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।