মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ শহরের খরমপটি এলাকায় মেডিকেল হাসপাতাল সংলগ্ন একটি বিদ্যুৎ সংযোগে পৌনে ৩ লাখ টাকার বকেয়া বিল শোধ না করে অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কিশোরগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মামুন বাদী হয়ে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতে একটি মামলা দায়ের করেছেন।
তবে এই অবৈধ সংযোগের নেপথ্যে খোদ বিদ্যুৎ অফিসের অসাধু প্রকৌশলী এবং ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের কর্মচারীদের সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত ০৬/০৮/২০২৬ তারিখে মিটারের ইনকামিং ও আউটগোয়িং তার সরিয়ে সরাসরি বাইপাস লাইন সংযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, বিউবো-এর সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে এই বাইপাস লাইনটি পূর্বে লাগানো হয়।
এ বিষয়ে সত্যতা যাচাইয়ে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের সহকারী পেশকার আতিক ও কোর্ট পিয়ন শফিকের সাথে সরাসরি কথা বলেন দৈনিক ‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক। কথোপকথনে পেশকার আতিক ওই হাসপাতালের বিদ্যুৎ লাইন সংযোগ করিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও, বাইপাস লাইন তিনি নিজে দিয়েছেন কিনা এমন প্রশ্নে তা অস্বীকার করেন।
অন্যদিকে কোর্ট পিয়ন শফিকের সাথে কথা বলে জানা যায়, আতিক পেশকার ও পিয়ন শফিক দুজনে মিলে বিচারকের (ম্যাজিস্ট্রেট) নাম ভাঙিয়ে গ্রাহককে নিশ্চিত করেছিলেন যে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে লাইন সংযোগ দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আদালতের আদেশের নামে ম্যাজিস্ট্রেট স্যারের ভয় ও দোহাই দেখিয়েই মূলত নির্বাহী প্রকৌশলীসহ বিউবো-এর অসাধু কর্মচারীদের মাধ্যমে এই অবৈধ সংযোগটি দেওয়া হয়েছিল। উল্লেখ্য খরমপটির উক্ত সংযোগে (হিসাব নং এ/৭১৯৬, মিটার নং ৬০৯৬৪৯) মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২,৯৯,৫৪৮ টাকা বকেয়া থাকায় কর্তৃপক্ষ আগে সংযোগ বিচ্ছিন্ন করে। কিন্তু অসাধু চক্রের সহায়তায় ৬/০৪/২০২৬ তারিখের বাইপাস সংযোগের মাধ্যমে সেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার চালানো হয়। পরবর্তীতে অভিযানে তা ধরা পড়ে এবং মিটারসহ মালামার জব্দ করা হয়। আদালতের কর্মচারীদের মুখেই এই স্বীকারোক্তি ও ফোনালাপের পর স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেবল বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে মামলা করি এই জালিয়াতি ঢাকার সুযোগ নেই। বিচারিক আদালতের নাম ভাঙ্গানো পেশকার আতিক কোড পিয়ন শফিক এবং বিদ্যুৎ অফিসের জড়িত প্রকৌশলীদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,