নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ দুটি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সময় পত্র দাখিলের সময় (বিকেল ৪টা) শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচন ভবনে এমন তথ্য জানান।

তিনি বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র জমা পড়েছে।’

আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন।

অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।’

জানা যায়, প্রথম মনোনয়নপত্রে প্রস্তাবকের স্বাক্ষর ও কিছু ঐচ্ছিক ভুল থাকায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।