মোঃ বেলাল হোসেন
ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুতের পরিবর্তে সোলার পদ্ধতি চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে বিদ্যুতের ওপর চাপ কমবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে এআই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যাটারিচালিত রিকশা তৈরির জন্য ঢাকা শহরে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হবে। ওই সময়সীমার মধ্যে বিদ্যুতের পরিবর্তে সোলার পদ্ধতিতে রিকশাগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে বিদ্যুতের ওপর চাপ কম পড়ে।

আবদুস সালাম বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপও কমবে। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। তবে এটার জন্য সবাইকে বলতে চাই, তিন মাস বা একটা সরকার পাঁচ মাস আসছে এই পাঁচ মাসের মধ্যেই যদি মনে করেন ১৭ বছর ৫০ বছরের সমস্যা সমাধান হয়ে যাবে, তা হবে না। ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। দেখেন ইনশাআল্লাহ সরকার সবকিছু করবে।

তিনি বলেন, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিক দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না। এতে একদিকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে, অন্যদিকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের পেশাগত কষ্টও কমবে।