নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’