উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া কলেজে উৎসবমুখর পরিবেশে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, “আমরা এমন একটি কলেজ চাই, যেখানে শিক্ষার্থীদের পরিচয় হবে তাদের মেধা, যোগ্যতা ও মানবিকতায়। আমাদের শিক্ষাঙ্গন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব।”

তিনি বলেন, শুধু ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। একজন শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক, সৎ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, কলেজজীবন জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়ে নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো ধরনের বিভেদ বা হিংসা নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতাই হোক শিক্ষাঙ্গনের মূল শক্তি।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক নবীন শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন নিয়ে শুরু হলো তাঁদের উচ্চশিক্ষার পথচলা। শিক্ষকরা প্রত্যাশা করেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে জ্ঞান, সততা ও মানবিকতার আলোয় সমাজ ও দেশকে এগিয়ে নেবে।