কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান পাশ্ববতী লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে এবং আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমিন বাজারে পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত ও জখম হয় সে। পরে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাসটি থানায় আটক রয়েছে।