বিনোদন ডেস্ক :

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার ব্যাংককের পাতানাকান এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

অভিনেতার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ভেবেছিলেন তার স্বামী ঘুমাচ্ছেন। আর সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য সকালে ঘুম থেকে তোলার চেষ্টা করতে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় পান।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ম্যাকডোনাল্ডকে উদ্ধার করার আগে রাত ১২টা ১২ মিনিটের দিকে সোফায় ঢলে পড়ছেন। তবে এখনো তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

থাই ও স্কটিশ বংশোদ্ভূত রে ম্যাকডোনাল্ড ১৯৭৭ সালের ২১ মে জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, উপস্থাপনা ও ভ্রমণমূলক অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি লাভ করেন তিনি। নব্বইয়ের দশকে থাইল্যান্ডের তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘টিন টক’ দিয়ে ব্যাপক পরিচিতি পান।

উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে ‘ফান বার কারাওকে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পান। ১৯৯৮ সালে ‘ও-নেগেটিভ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান।

এক দশকেরও বেশি সময় পর ২০০৯ সালে ‘ডিয়ার গ্যালিলিও’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৭ম ‘কোমচাদলুয়েক অ্যাওয়ার্ডস’-এ সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ব্যাংককের ‘রোম অ্যালন’র মতো বিভিন্ন ভ্রমণবিষয়ক অনুষ্ঠান করেন এবং ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি করতে থাকেন।

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
তাঁর আকস্মিক মৃত্যুতে থাই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।