মোঃ আব্দুল রহমান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের এক্স-রে বিভাগের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে চিকিৎসা নিতে আসা লোকজন ফুটপাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।