ময়মনসিংহপ্রতিনিধি

তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের প্রায় ২০টি কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকেই এলাকায় গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। এতে জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়ে এবং অধিকাংশ কারখানার মেশিন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুপুরের খাবারের সময় মাহাদি সোয়েটার্স, সুলতানা সোয়েটার্স, লিজ ফ্যাশন, টিএম টেক্সটাইল, ত্রিশাল টেক্সটাইল ও বিএসপি স্পিনিং মিলসহ ২০টি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়।

শিল্প পুলিশ-৫-এর তথ্য অনুযায়ী, এই অঞ্চলের ২৯৩টি কারখানার মধ্যে ৯৯টি সম্পূর্ণভাবে গ্যাসের ওপর নির্ভরশীল। গ্যাস সংকটের কারণে বিশেষ করে টেক্সটাইল, সুতা তৈরির স্পিনিং মিল ও সিরামিক কারখানাগুলোতে উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। কোনো কোনো কারখানায় সিংহভাগ মেশিনই বন্ধ রাখতে হচ্ছে।

স্থানীয় তিতাস গ্যাস কার্যালয় সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। ভালুকা এলাকার জন্য কাঙ্ক্ষিত চাপের বিপরীতে অর্ধেকেরও কম গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, যার ফলে শিল্পাঞ্চলে এই স্থবিরতা দেখা দিয়েছে।