জ্যেষ্ঠ প্রতিবেদক :

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর আলোচনা সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি- সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রয়েছে। কোকোর স্মৃতিকে ধরে রাখতে তাঁর ক্রীড়া ভাবনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না; তিনি উপলব্ধি করেছিলেন, একটি জাতিকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জনের বিকল্প নেই। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে অবস্থান তৈরি করেছে, তার ভিত্তি রচনায় কোকোর নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান ও স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়েই দীর্ঘস্থায়ী করতে হবে। ’

ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও এ উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

কোকোর স্মৃতিকে জীবন্ত রাখতে সংগঠনের যেকোনো ভালো উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘কোকোর স্মৃতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘ক্রীড়ার মাধ্যমে তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ ও জাতির জন্য ইতিবাচক শক্তিতে পরিণত করা সম্ভব।’

মন্ত্রী প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘তাঁর জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। ’

কোকোর স্মৃতি ও অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।