ক্রীড়া ডেস্ক :

ক্রিকেট মাঠে একসময় যারা ছিলেন প্রবল প্রতিপক্ষ, আজ তারাই একজোট হয়েছেন পুরোনো সতীর্থের জন্য। বাইশ গজের সেই দাপুটে অধিনায়ক এখন বন্দি কারাগারে। কথা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে। জেলের প্রকোষ্ঠে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন ক্রিকেট বিশ্বের ২১ জন সাবেক অধিনায়ক।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বরাবর একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন তারা। উদ্দেশ্য কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া শঙ্কা দূর করা। এর আগে গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক ক্রিকেটার একই ইস্যুতে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন। তবে পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় এবার ২১ জন কিংবদন্তি এক হয়ে নতুন করে এই পদক্ষেপ নিলেন।

চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি নির্দেশনার কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ইমরান খানকে হাসপাতালে নিয়ে একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডাক্তার উজমা খানেরও থাকার কথা ছিল। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন পরিবারের সঙ্গে দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত।

কিন্তু বাস্তবে আদালতের সেই নির্দেশের যথাযথ প্রয়োগ হয়নি বলেই অভিযোগ করেছেন সাবেক অধিনায়কেরা। চিঠিতে তারা উল্লেখ করেন, ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ড তাদের কাজ ঠিকমতো সম্পন্ন করার আগেই, সরকারের নিয়োগ করা একটি দল তড়িঘড়ি করে তাকে ‘সম্পূর্ণ সুস্থ’ ঘোষণা দিয়ে পুনরায় আদিয়ালা জেলে পাঠিয়ে দেয়।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে চিঠিতে মূলত তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন ক্রিকেট বিশ্বের এই কিংবদন্তিরা। আদালত নির্দেশিত স্বাধীন মেডিকেল বোর্ডকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই ইমরান খানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত সাক্ষাতের যে অধিকার, তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। মেডিকেল বোর্ড শারীরিক পরীক্ষার পর যেসব চিকিৎসার পরামর্শ দেবে, তা বিন্দুমাত্র কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

ইমরান খানের পাশে দাঁড়ানো এই তারকাদের তালিকায় রয়েছেন ক্রিকেটের সোনালি যুগের রথী-মহারথীরা। সুনীল গাভাস্কার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ এবং জন রাইটের মতো বিশ্ববিখ্যাত সাবেক অধিনায়কেরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। রাজনীতির মাঠের বিভেদ ছাপিয়ে খেলার মাঠের এক সাবেক নায়কের জন্য বিশ্ব ক্রিকেটের এই একতা বর্তমানে বেশ আলোচনার জন্ম দিয়েছে।