নিজস্ব প্রতিবেদক :
গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৫ কেজি ৪০ গ্রাম কুশ (মাদক) ও ৩ লিটার বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়। তারা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (TG321) আসা সানাওয়ার ও ইমতিয়াজকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের ট্রাভেল ট্রলিতে তল্লাশি চালিয়ে কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা এসব কুশ ও মদ উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৪টি ভারতীয় শাড়ি, ৪টি স্মার্টফোন এবং নগদ ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ডিএনসি জানিয়েছে, এই মাদক পরিবহনের সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশি সহযোগীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।