তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা ও হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুন।
সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্রের নিজস্ব প্রতিবেদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক চৌকসের টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম টিটু এবং সংগঠনের সদস্য ও যুগ-যুগান্তরের জেলা প্রতিনিধি তানিয়া ইসলামকে ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সজীব মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য মো. তারেক রহমান, এস.এম. আতোয়ার রহমান, মো. তাইজুল ইসলাম টুটুল, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী উপজেলা সভাপতি মো. মোহসীন কবীর, মেহেদী হাসান সোহেলসহ অনেকে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যাতে দায়িত্ব পালনে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এ আন্দোলন চলমান থাকবে।”
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিক মো. সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।