নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ
নদী ও খাল দখল এবং দূষণ মুক্ত রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, নদী কোথায় দখল হচ্ছে বা কোথায় দূষণ ছড়াচ্ছে, সেগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এসব জায়গা উদ্ধার ও দূষণ রোধে সরকারের সার্বিক কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ-এর নদীঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নদীর পাশাপাশি খালগুলোর বর্তমান অবস্থা চিহ্নিত করে নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরুজ্জীবিত করার ওপর নজর দেওয়া হচ্ছে। পানি সরবরাহের ক্ষেত্রে বর্তমানে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর তাগিদ দিয়ে তিনি জানান, ‘সারফেস ওয়াটার’ বা উপরিভাগের পানি কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, নদী ও নৌপথ সংক্রান্ত সব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির অংশ হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে নিয়ে সরেজমিনে স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, নদী, খাল ও বিল থেকে জনগণ যেন কাঙ্ক্ষিত সুবিধা পেতে পারে, সে জন্য সরজমিনে মাঠপর্যায়ের চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ করে দ্রুত বাস্তবায়নমুখী পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।