যশোর জেলা প্রতিনিধি
যশোরের চৌগাছায় দোকানে অবৈধভাবে বিভিন্ন সার মজুত ও বিক্রির অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই দোকান থেকে ১৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌর শহরের পারবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনিব। অভিযুক্ত ওই দোকানির নাম খাইরুল ইসলাম (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে বেশী দামে বিক্রি করছিলেন।
পরে জব্দ করা ওই সার সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা রাজস্ব কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনিব বলেন, অভিযানে খাইরুল ইসলাম সার বিক্রেতা হিসেবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই আদালত তার সার জব্দ করে সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সার মজুত করার অপরাধ স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাইরুল জরিমানা পরিশোধ করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে অবৈধভাবে সার মজুত বা ব্যবসা করবেন না বলে মুচলেকা দেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।