নীলফামারী জেলা প্রতিনিধি,

নীলফামারীতে চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার দুই, ৩২ মোটরসাইকেল উদ্ধার
গ্রেফতার আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল।
নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাহিন (৩০) ও আব্বাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
গ্রেফতার হওয়া শাহিন ও আব্বাস জলঢাকা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জলঢাকা থানা-পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা শাহিনকে গ্রেফতার করা হয়।

পরে থানা হেফাজতের জিজ্ঞাসাবাদে শাহিন মোটরসাইকেল চুরির বিশদ নেটওয়ার্ক এবং চুরি করা গাড়ি লুকিয়ে রাখার স্থানগুলোর সন্ধান দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জলঢাকা থানা-পুলিশের কয়েকটি দল নীলফামারী ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার একাধিক আস্তানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মডেলের ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, শাহিনকে গ্রেফতারের পর আমরা তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছি। এ বিষয়ে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে।