নুরুল আলম সিকদার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
এ ছাড়া উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।