তাজরিন আক্তার মুন্নি
মানিকগঞ্জের সদর উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এইভাবে একটার পর একটা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা নিয়ে চিন্তিত।
রোববার (১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কর্মকারের অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে তদন্ত চলছে।
এদিকে, বাজার এলাকায় এমন ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।