কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার আবদুল করিম (৫০) কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
প্রাথমিক তথ্যমতে, আবদুল করিম একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম সদস্য এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।