গাজীপুর প্রতিনিধি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
সোমবার আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে ফ্লাইওভারের ওপর পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিকদের বাধার মুখে যেতে পারেননি। পরে পুলিশের জলকামান থেকে পানি দিয়ে ভ্যানটির আগুন পুরোপুরি নিভানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নাওজোর ফ্লাইওভার দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, শ্রমিক বিক্ষোভ চলাকালে নাওজোর ফ্লাইওভারে দায়িত্ব পালনকালে গাজীপুর জেলা পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এছাড়া, পুলিশের আর কোনো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে তিনি জানান। অন্য যেগুলো শোনা যাচ্ছে তা গুজব বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে সোমবার কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লিবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, সে সংখ্যা নিশ্চিত করতে পারেনি শিল্প পুলিশ।