1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লা ,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যানজট: বিকল্প পথ ও আগাম প্রচারণার তাগিদ হুইপের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ আবুল হাসেম মিয়াজী
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগের ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। যানজটের ভোগান্তিতে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে সড়ক ও সেতু সংস্কারের আগে পর্যাপ্ত বিকল্প পথ রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

রবিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সোমবার সভার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।

হুইপ বলেন, ভবিষ্যতে যেকোনো সড়ক ও সেতু সংস্কারের আগে পর্যাপ্ত বিকল্প পথ রাখতে হবে। পাশাপাশি সংস্কারকাজ শুরুর আগে গণমাধ্যমে আগাম প্রচারণা চালানো এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

দীর্ঘ যানজটের সময় ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী সড়ক ব্যবহার করে অ্যাম্বুলেন্স ও বিদেশযাত্রীদের মতো জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা রাখারও পরামর্শ দেন তিনি।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর সেতুতে জরুরি সংস্কারকাজ চলাকালে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এ ঘটনায় বৈঠকে যানজটের ছয়টি প্রধান কারণ চিহ্নিত করা হয়।

এর মধ্যে ছিল—সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় এক লেন বন্ধ রেখে জরুরি মেরামত, দুই লেনের পরিবর্তে এক লেন দিয়ে যানবাহন চলাচল, ব্যস্ত মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সংস্কারকাজে আন্তঃজেলা ও আন্তঃদপ্তর সমন্বয়ের ঘাটতি, সংস্কারকাজের বিষয়ে আগাম প্রচারণা ও বিকল্প পথের নির্দেশনার অভাব এবং জরুরি যানবাহনের জন্য বিকল্প পথ না রাখা।

হুইপ উপস্থিত কর্মকর্তাদের যানজটে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে আরও সতর্কতা ও পূর্বপ্রস্তুতি বাড়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..