মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ এবং সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান।
এ ছাড়া জেলার সাত উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার ওপরও গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক প্রত্যেক শনিবার জেলার প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।