গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় অন্য আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদ দুমড়ে-মুচড়ে বাস থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ২৫ জন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।