গোয়ালন্দপ্রতিনিধি
কৃষকদের সরকারি সেবা, প্রণোদনা ও সহায়তা আরও কার্যকর, স্বচ্ছ এবং সহজলভ্য করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রকৃত কৃষকদের তথ্যভান্ডার তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলী কেউটিল ব্লকে গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। এছাড়া উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষক কার্ড কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি, প্রকৃত কৃষকদের তথ্য হালনাগাদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবা সহজলভ্য করা এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হবে। এর ফলে প্রাণিসম্পদ খাতে সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়িত হলে মৎস্য খাতের প্রকৃত চাষিদের সঠিক তথ্য সংরক্ষণ সহজ হবে। পাশাপাশি সরকারি প্রণোদনা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, সরকারের কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। এতে কৃষকদের জন্য সরকারি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত প্রদান করা সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে কৃষকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।
সভা শেষে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে কৃষক কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।