তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের ঐকান্তিক প্রচেষ্টায় জেলায় প্রথমবারের মতো জব ফেয়ার (চাকরি মেলা) আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ জব ফেয়ারের উদ্বোধন করা হয়।
জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫১টি স্টল স্থাপন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের সিভি জমা দিচ্ছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করছে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত তরুণ-তরুণী বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের বিষয়টি বিবেচনা করেই প্রথমবারের মতো এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এই জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে চাকরি ও কর্মসংস্থানের বিষয়ে উৎসাহ সৃষ্টি হবে। ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে বলে জানান তিনি।
জব ফেয়ারে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।