মাইদুল ইসলাম
নীলফামারীতে জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নীলফামারীর আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
উৎসবমুখর পরিবেশে পুরস্কার গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।