পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সাকোয়া-চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রাহাত (২০) ও সাদিক (১৬)। রাহাত ওই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে এবং সাদিক আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আহত মো. রাব্বি (১৬) চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকার আবু শাহের ছেলে। নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদমান সাকিব রাহাত ও সাদিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাব্বির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বোদা-দেবীগঞ্জ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি নিহত দুই শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা সাজ্জাদুর করিম সাজ্জাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বোদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় তিনি দুইজন নিহত এবং একজন আহতের বিষয়টি নিশ্চিত করেন।
দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।