মাগুরা প্রতিনিধি
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং কয়েকজন সংবাদকর্মীকে ধাক্কা দিয়ে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে টুর্নামেন্টের সংবাদ সংগ্রহ ও প্রচার বর্জন করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় মাগুরা সদর উপজেলা ফুটবল দল ও মহম্মদপুর উপজেলা ফুটবল দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। খেলা শুরুর আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার সময় মাগুরা সদর উপজেলা দলের ১৬ নম্বর জার্সি পরা এক খেলোয়াড় সাংবাদিকদের উদ্দেশে কটূক্তি করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সাংবাদিকরা ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়কে খেলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
এ সময় জেলা ফুটবল ফেডারেশনের সদস্য ও মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন উপস্থিত সংবাদকর্মীরা। তাঁদের দাবি, একপর্যায়ে তিনি কয়েকজন সাংবাদিককে ধাক্কা দিয়ে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ সংগ্রহ ও প্রচার বর্জনের সিদ্ধান্ত নেন। এরপর তাঁরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে আসেন।
সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ কাম্য নয়। মাঠে তাঁদের নিরাপদ ও পেশাগত পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টি সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে জানানো হলে তিনি বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।